ইয়েমেনের বিশাল অংশ দখল করে রাখা হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার জন্য জেনেভা সফরে প্রস্তুত দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি। তবে ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছে—জাতিসংঘের প্রস্তাব অনুসারে দখলকৃত এলাকা ছেড়ে দেয়ার ব্যাপারে রাজি না হওয়া পর্যন্ত তারা হুতি বিদ্রোহীদের সঙ্গে সমঝোতা করবে না। খবর আল জাজিরার।
ইয়েমেন সরকারের একজন মুখপাত্র বলেন—কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পর্কে ‘আলোচনার’ জন্য প্রস্তুত। এর আগে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো তারিখ ঘোষণা না করেই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনাটি স্থগিত হয়ে গিয়েছিল। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, জুনের ১০ তারিখের দিকে আলোচনাটি শুরু হওয়ার আশা করা হচ্ছে।
এ দিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে—যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিক ওমানের রাজধানী মাস্কাটে ইয়েমেনের সংঘাতের রাজনৈতিক সমাধান নিয়ে গত সপ্তাহে এক দিনের জন্য হুতি বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিদ্রোহীদের দ্বারা আটক মার্কিন জিম্মিদের মুক্তি দেয়ার জন্য চাপ দেয়া হয়। এই পরিপ্রেক্ষিতে গত সোমবার যুক্তরাষ্ট্রের একজন এবং সিঙ্গাপুরের একজন নাগরিককে মুক্তি দেয় হুতি বিদ্রোহীরা।
