রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়েছেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম। মঙ্গলবার সকাল নয়টায় রাসিক মেয়রের দপ্তর কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন। এসময় রাসিকের কাউন্সিলরবৃন্দ, সকল বিভাগীয় ও শাখা প্রধান, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। তারা এবং নগরীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এর আগে ১ জুন সন্ধ্যায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন রাসিকে পাঠানো হয়।
ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘সকল ক্ষমতার মালিক মহান আল্লাহ। তাঁর ইচ্ছাতেই আমি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। সকলের সহযোগিতায় সিটি কর্পোরেশনের বর্তমান শোচনীয় পরিস্থিতি হতে উত্তরণের দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি। সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়াদকালে মহানগরীর উন্নয়ন ও পৌরসেবামূলক কার্যক্রমের প্রসংশা করে তিনি বলেন, মহানগরীর উন্নয়নে তার অবদান অতুলনীয়। তার রেখে যাওয়া অসামপ্ত কাজ আমরা সমাপ্ত করব।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর নগরীর রাজারহাতার লোকনাথ স্কুলের সামনে বিএনপি-জামায়াতের মিছিল থেকে বোমা হামলায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন। ওই হত্যা মামলায় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও রাসিক মেয়র বুলবুলকেও আসামি করা হয়।
অন্যদিকে গত ৫ জানুয়ারি থেকে অবরোধ-হরতালে নাশকতার ঘটনায় মেয়রের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ৫টিসহ ১৭টি মামলা হয়। এর চারটিতে পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। অপর ১৩টিতে পলাতক রয়েছেন নির্বাচিত মেয়র বুলবুল। এসব মামলায় প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব কারাগারে, প্যানেল মেয়র-২ নুরুজ্জামান টিটো ও প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম পলাতক।
প্রসঙ্গত, গত ৭ মে রাসিক মেয়র ও যুবদল নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এরপর প্যানেল মেয়র-৩ ও মহিলা দলের নেত্রী নূরুন্নাহার বেগম মেয়রের দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করে। পরে তার বিরুদ্ধেও বিস্ফোরক মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এদিকে রাসিকের এক বিজ্ঞপিতে বলা হয়, ‘নাগরিক সেবা অব্যাহত রাখা এবং উন্নয়নমূলক কার্যক্রম চলমান রাখার স্বার্থে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ১০৫ নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার কাউন্সিলর মো. নিযাম উল আযীমকে কর্পোরেশনের সকল প্রকার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দায়িত্ব অর্পণ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
