সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা বিচারের জন্য হবিগঞ্জ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা এ আদেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেএম শাখার মাধ্যমে তা সিলেট দ্রুত বিচার আদালতে পাঠানোর জন্য বলা হয়। হবিগঞ্জের আদালতে আইনী প্রক্রিয়া শেষ হলে মামলাটি বিচারের জন্য প্রস্তত হয়। এখন সিলেট দ্রুত বিচার আদালতে মামলাটির বিচার সম্পন্ন হবে।
২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়।
হত্যা মামলায় গত বছরের ১৩ নভেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।
এর মধ্যে একজন মারা গেছে এবং দু’জনের নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন দেয়া হয়েছে।
বাকি ৩২ জনের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছসহ ১৫ জন কারাগারে আটক, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ৯ জন পলাতক, ৮ জন জামিনে রয়েছেন। হত্যা মামলাটি বিচার প্রক্রিয়া শুরু হলেও বিস্ফোরক মামলাটি বর্তমানে তদন্তাধিন রয়েছে।
