ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের ওপর চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) কর্তৃপক্ষ। সিডিবিএলের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।
বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো লেনদেনের ওপর ০.০১৭৫ শতাংশ হারে কমিশন দেয় সিডিবিএল-কে। নতুন করে কমিশনের এ হার ০.০১৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন এ হার কার্যকর হবে।
সিডিবিএলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে—লেনদেনের ওপর চার্জ কমানো ব্রোকারেজ হাউসগুলোর দীর্ঘদিনের দাবি ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষতে এ চার্জ কমানো হয়েছে। এ ছাড়া, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে ব্রোকারেজ হাউসগুলোর ব্যবসা ভালো নেই। অনেক প্রতিষ্ঠানই তাদের হাউস চালাতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় বাজারের স্বার্থে ব্রোকারেজ হাউসগুলোর ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় নিয়ে চার্জ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
