রুপকল্প ২০২১

বাংলাদেশের বেটার দান ক্যাশ অ্যালায়ান্স-এ যোগদান

আপডেট : ০৩ জুন ২০১৫, ২৩:৪৪

“ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১” বাস্তবায়নে জনসাধারণের জন্য সহজ, হয়রানিমুক্ত ও দ্রুত সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সকল ধরণের ক্যাশ পেমেন্ট ডিজিটাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতিসংঘের নেতৃত্বাধীন জোট বেটার দ্যান ক্যাশ অ্যালিয়েন্সের (Better Than Cash Alliance) সদস্য দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং এটুআই প্রকল্পের প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের অর্ন্তভূক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সে যোগদান ক্যাশ পেমেন্ট কে ইলেকট্রনিক পেমেন্টে রূপান্তরের ক্ষেত্রে একটি কার্যকরী পদক্ষেপ। সারাদেশে স্থাপিত ৫ হাজারের অধিক ডিজিটাল সেন্টারের মাধ্যমে বৃহত্তর আর্থিক সেবাভূক্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই সমস্ত ডিজিটালে সেন্টার থেকে ইতোমধ্যে প্রতিমাসে প্রায় ৪৫ লাখ মানুষকে ৬০ ধরণের ইলেকট্রনিক সেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া প্রতিটি ডিজিটাল সেন্টারে একজন পুরুষ উদ্যোক্তার পাশাপাশি একজন নারী উদ্যোক্তার উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আমরা জেন্ডার সংবেদনশীল সেবা প্রদান পরিবেশ নিশ্চিত করেছি।“
উল্লেখ্য, ইউএনডিপি ও ইউএসএআইডির কারিগরী সহযোগীতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প এটুআ্ই প্রকল্প সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ এজেন্ডাকে নেতৃত্ব দিচ্ছে।
বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. রুথ গুডউইন-গ্রোয়েন বলেন, “বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ এজেন্ডার মাধ্যমে একটি বড় প্রত্যাশা উপস্থাপন করেছে এবং মোবাইল পেমেন্টের  ক্ষেত্রে একটি বড় অগ্রগতি অর্জন করেছে। এই জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ অন্যান্য সদস্য রাষ্ট্রের অভিজ্ঞতায় প্রবেশ এবং এই অভিজ্ঞতাকে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম সম্প্রসারণে কাজে লাগাতে পারবে।  বাংলাদেশে একটি উন্নত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশের নেতৃত্বের সাথে কাজ শুরু করার জন্য অপেক্ষা করছি।”
বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা গ্রহণের ফি ইলেকট্রনিক উপায়ে প্রদান করা সম্ভব হলে তা আর্থিক সেবাভুক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এছাড়াও ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহকে দক্ষ ও স্বচ্ছ করে তুলবে। এই প্রেক্ষিতে বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের সঙ্গে পার্টানারশীপ এর ফলে বাংলাদেশের সকল ধরণের মানুষের আর্থিক সেবার অভিগোম্যতা বৃদ্ধি পাবে যা বাংলাদেশের আর্থিক সেবাভূক্তির কার্যক্রমকে ত্বরাণ্বিত করবে। 
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার প্রধানরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং অগ্রসরমান আর্থিক সেবাভুক্তি এবং খরচ সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মমূচীর সকল ধরণের ভাতা এবং নাগরিক কর্তৃক সরকারকে প্রদত্ত বিভিন্ন ফি প্রদান ব্যবস্থা ডিজিটাল করার জন্য বাংলাদেশ সরকার পরিকল্পনা করছে। এছাড়া এই কার্যক্রমের আওতায় সকল ধরণের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রেমিটেন্স এবং ই-কমার্সের জন্য সকল ধরণের পেমেন্ট ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ এবং প্রয়োজনীয় সরকারী-বেসরকারী অংশদারিত্বের মাধ্যমে দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার প্রয়োজনীয় অবকাঠামো তৈরীর জন্য সরকার কাজ করবে।
জাতিসংঘে অবস্থিত বেটার দ্যান ক্যাশ অ্যালায়ান্স বিভিন্ন সরকার, কোম্পানি এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের একটি পার্টনারশীপ সংস্থা যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের জন্য পেমেন্ট ব্যবস্থা ইলেকট্রনিক করা এবং  মানুষকে দারিদ্রতা থেকে মূক্তির ক্ষেত্রে সহায়তা করে। এই জোটে যোগদানের মাধ্যমে বাংলাদেশ এর সদস্য দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া এবং স্বচ্ছতা আনয়নের জন্য সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে।