ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে তার সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময় পাওয়া এখনও অনিশ্চিত। মোদীর সাক্ষাতের সময়সূচি চেয়ে বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিনে নানাভাবে চেষ্টা করা হলেও এখনও এ ব্যাপারে কোনো সবুজ সংকেত মেলেনি। তবে বিএনপি সূত্রে জানা গেছে, সাক্ষাতের সুযোগ পেতে তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন। একইভাবে চেষ্টা করে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদও মোদীর সাক্ষাতের জন্য এখন পর্যন্ত সময়সূচি পাননি।
গতকাল বুধবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মোদীর সঙ্গে খালেদা জিয়া ও এরশাদের সাক্ষাতের জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি। দু’দিনের ঢাকা সফরকালে গতকাল পর্যন্ত মোদীর যে সফরসূচি দেখা গেছে, তাতে কোথাও বিএনপি ও জাপা প্রধানের সঙ্গে সাক্ষাতের সময়সূচি নেই। তবে সফরের শেষদিন ৭ জুন মোদীর সঙ্গে সোনারগাঁও হোটেলে সকাল ১১টায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে বেগম রওশন এরশাদের সাক্ষাতের সময়সূচি রয়েছে। রওশনের প্রতিনিধি দলেও এরশাদকে রাখা হচ্ছে না। প্রসঙ্গত, মোদীর ঢাকার সফরসূচি সরাসরি তার দপ্তর থেকে নির্ধারণ করা হচ্ছে। যার কারণে ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ার বিষয়ে গতকাল পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া পাননি খালেদা জিয়া ও এরশাদ। এদিকে জানা গেছে- ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করে খালেদা জিয়ার দেখা করতে না যাওয়া এবং ওইদিন হরতাল ডাকার বিষয়টি এবার মোদীর সঙ্গে সাক্ষাত্ পাওয়ার বিষয়ে প্রভাব ফেলতে পারে।
