প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৭:০০
২০১৫-১৬ অর্ধবছরের জন্য প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী  আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সাড়ে তিনটা থেকে তিনি এ বাজেট উপস্থাপন করছেন। 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এটি নবম বাজেট। আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট।
 
গতবারের চেয়ে ১৮ শতাংশ বেশি ব্যয়ের লক্ষ্য নিয়ে এবারের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১১০ কোটি টাকা। 
 
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্য থাকছে ২ লাখ ৮ হাজার  ৪৪৩ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে রাজস্ব আসবে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। অবশিষ্ট ৩১ হাজার ৬৩০ কোটি টাকা আসবে এনবিআর-বহির্ভূত খাত থেকে। নতুন বাজেটে সামগ্রিকভাবে ঘাটতি থাকবে ৮৭ হাজার কোটি টাকার বেশি, যা মোট দেশজ উত্পাদনের (জিডিপি) শতকরা হারে ৫ শতাংশ। এই ঘাটতি মেটানো হবে অভ্যন্তরীণ উত্স ও বিদেশি সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ থেকে।
 
আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৭ শতাংশ ও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণায় জিডিপি প্রাক্কলন করা হয় ৭ দশমিক ৩ শতাংশ। চলতি অর্থবছরে মূল বাজেট প্রায় আড়াই লাখ কোটি টাকা করা হলেও পরে কাটছাঁট করে সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার কোটি টাকা।
 
আগামী বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। নতুন আইনে সব ধরনের পণ্য ও সেবায় ১৫ শতাংশ হারে ভ্যাট কার্যকরের কথা বলা হয়েছে। তাতে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট প্রদানের সুযোগ থাকছে না। আইনটি বাস্তবায়নে এক বছর বাকি থাকলেও এর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে কিছু ঘোষণা থাকছে। সেই সঙ্গে ভ্যাটের আওতাও বাড়ানো হচ্ছে।
 
ওয়েবসাইটে বাজেট
 
এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাত্ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mof.gov.bd-এ বাজেটের সকল তথ্য পাওয়া যাবে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা, সম্পূরক আর্থিক বিবৃতি, সরকারি হিসাব, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ  মঞ্জুরি ও বরাদ্দ দাবি, নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ৪০টি মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরবেন। আগামীকাল শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।