মোবাইল ফোন ব্যবহারে খরচ বাড়বে

আপডেট : ০৫ জুন ২০১৫, ০০:৩৬
মোবাইল ফোনের সেবায় ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে করে মোবাইলে কথা বলা ও ডেটা স্থানান্তরের ব্যয় বাড়তে যাচ্ছে।
 
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে মোবাইল সিম বা রিমের মাধ্যমে প্রদত্ত সেবায় এ শুল্ক আরোপের প্রস্তাব করেন।
 
তবে নতুন মোবাইল সিমের শুল্ক হার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করার প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী। সিমকার্ড প্রতিস্থাপনের ওপর ১০০ টাকা শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন তিনি।
 
সিমকার্ড প্রতিস্থাপন কর নিয়ে আগে থেকে জাতীয় রাজস্ব বোর্ড ও মোবাইল ফোন অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
 
মুহিত বলেন, ‘মোবাইল ফোন খাতের উত্তরোত্তর উন্নয়নের স্বার্থে এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্য-প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে এ খাতের সার্বিক সুষম প্রবৃদ্ধির জন্য এ শুল্কহার ধার্য করা হয়েছে।’
 
এছাড়া মোবাইল সিম কার্ডের উপর বর্তমান সম্পূরক শুল্কহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন তিনি।