আয় আড়াই লাখ টাকার কম হলে কর নেই

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৯:০৭
ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩০ হাজার টাকা বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করা হচ্ছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট উত্থাপন করেছেন, তাতে আয়করের সীমায় এই পরিবর্তনের প্রস্তাব করেন।
 
এই প্রস্তাব পাস হলে যারা বছরে আড়াই লাখ টাকার কম আয় করবেন, তাদেরকে সরকারের তহবিলে কোনো কর দিতে হবে না।
 
বর্তমানে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারিত রয়েছে দুই লাখ ২০ হাজার টাকা।
 
নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনে মুহিত বলেন, ‘বিরাজমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, প্রান্তিক করদাতাদের করহার বিবেচনায় ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি।”
 
নারী ও বয়স্ক করদাতাদের এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের আয়করমুক্ত সীমাও বাড়ানোর প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
 
বর্তমানে নারী ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়ের সীমা রয়েছে দুই লাখ ৭৫ হাজার টাকা। নতুন বাজেটে তা বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
 
একই সাথে প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান তিন লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা বিদ্যমান চার লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।