ইসির জন্য বাজেট বরাদ্দ ১৪৮৫ কোটি ৯২ লাখ টাকা

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৯:২৯
 
 
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ৪৮৫ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাসহ অনুষাঙ্গিক খাতের জন্য বরাদ্দ ৫২১ কোটি ৩৬ লাখ টাকা।
 
জাতীয় সংসদের উপনির্বাচনসহ বিভিন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মোট আটটি খাতে বরাদ্দ ৯৬৪ কোটি ৫৬ লাখ টাকা। তবে গত অর্থবছরের চেয়ে এবার প্রস্তাবিত বাজেটে প্রায় দ্বিগুন টাকা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে সাংবিধানিক এ প্রতিষঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৮৪৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করেন। এই বাজেটে নির্বাচন কমিশনের অনুন্নয়ন খাতের (রাজস্ব) জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫২১ কোটি ৩৬ লাখ টাকা। এসব টাকা নির্বাচন কমিশন সচিবালয়েরর কর্মকর্তা-কর্মচারি, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি), আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের সারাবছর বেতনভাতা নির্বাহ হবে।
 
এদিকে, উন্নয়নখাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৬৪ কোটি ৫৬ লাখ টাকা। আগামী অর্থবছরে মোট আটটি খাতে এই টাকা ব্যয় করবে নির্বাচন কমিশন। ব্যয়ের খাতসমূহ হচ্ছে, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, সিটি করপোরেশন নির্বাচন ও উপনির্বাচন অনুষ্ঠান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, ডাটাবেইজ সংরক্ষণের জন্য অবশিষ্ট উপজেলা/জেলা/ আঞ্চলিক সার্ভার স্টেশনভবন নির্মাণ, নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণ, উন্নত মানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয়পত্রের তথ্যযাচাই/সনাক্তকরণ সংক্রান্ত সুবিধা প্রদান এবং ইসির প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।