ইসলামিক ফাউন্ডেশনের ইমাম নিয়োগের কার্যক্রম স্থগিত

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৯:৫৯
পেশ ইমাম নিয়োগের জন্য ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চোধুরী ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর অবকাশকালীন ডিভিশণ বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এছাড়া ওই বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 
 
পেশ ইমামসহ কয়েকটি পদে নিয়োগের জন্য গত ৬ মে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ জুনের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। তবে পেশ ইমামের একটি পদে বিধিমালা অনুসরণ করা হয়নি দাবি করে বড়গাঁও জামে মসজিদের খতিব আব্দুর রহিম হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯৮ অনুযায়ী ইমাম হওয়ার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিজ্ঞপ্তিতে আট বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এটি বিধিমালার পরিপন্থি। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।