ছিটমহলের উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৫-১৬ অর্থবছরের খসড়া বাজেটে এ প্রস্তাব করেন তিনি।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে কূটনীতিক সাফল্যের অন্যতম হলো ভারতীয় সংসদে স্থলসীমান্ত বিল অনুমোদন। ১৯৭৪ সালে সম্পাদিত ইন্দিরা-মুজিব চুক্তির ধারাবাহিকতায় ভারতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি বিল অনুমোদিত হওয়ায় ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে যাচ্ছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ছিটমহলবাসীরা সম্পৃক্ত হতে যাচ্ছে বাংলাদেশের মূলধারায়। এর ফলে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি ছিটমহল পর্যন্ত সম্প্রসারিত হবে। ছিটমহলবাসীর কল্যাণ চিন্তা করে তাদের এলাকায় উন্নয়ন বেগবান করার জন্য এই বাজেটে ২০০ কোটি টাকা অতিরিক্তি বরাদ্দের প্রস্তাব করছি।’
উল্লেখ্য, গত ৭ মে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হয় ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি বিল (১১৯তম সংবিধান সংশোধনী বিল-২০১৩)। ছিটমহলগুলোর মধ্যে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি (৭ হাজার ১১০ একর জমি) এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি (১৭ হাজার ১৬০ একর) জমি বিনিময় হবে। অপদখলীয় জমির মধ্যে মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের অধীন সীমান্তে ২০০০ একর জমি এবং আসামের ২৬৮ একর জমির অধিকারী হবে বাংলাদেশ।
