অর্থমন্ত্রী ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ দ্বিগুণ বাড়ানো হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরের ৯ হাজার ৩৩৮ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার এ খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। আগামী তিন বছরের মধ্যে সকল বিদ্যুৎ গ্রাহক প্রি-পেইড মিটার পাবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থাপিত বাজেট বক্তব্য থেকে এ তথ্য পাওয়া যায়।
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে গ্রাহকের মধ্যে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে সম্ভাব্য সকল গ্রাহকের কাছে পৌছে যাবে এ মিটার। জ্বালানি সাশ্রয় ও সংরক্ষণের মাধ্যমে ২০১৬ সালের মধ্যে ১০ শতাংশ ও ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ জ্বালানির ব্যবহার কমিয়ে আনা হবে।
