ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের একদিন আগেই আজ শুক্রবার রাতে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে সফরসঙ্গীদের নিয়ে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী মমতা। তার সঙ্গে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম সান্যাল।
সফরকালে নরেন্দ্র মোদী ঢাকায় যে হোটেলে থাকছেন, সেই হোটেলে উঠছেন না মমতা ব্যানার্জি। তিনি তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার র্যাডিসন হোটেলে থাকবেন। আর মোদী তার সফরসঙ্গীদের নিয়ে থাকবেন সোনারগাঁও হোটেলে। তবে ঐতিহাসিক সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন মমতা। আগামীকাল শনিবার ঢাকা ছেড়ে যাবেন তিনি। সূত্রে জানা যায়, ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে মোদীর ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে মমতার ঢাকা সফর নিশ্চিত হলেও তিনি তার দেশের প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে আসছেন, আবার ঢাকা ছেড়ে যাবেন প্রধানমন্ত্রীর ফেরার এক দিন আগে। কূটনৈতিক সূত্রে জানা যায়, তিস্তার পানি চুক্তিতে আপত্তি থাকলেও দুই দেশের সম্পর্কোন্নয়নে কিছু ঘোষণা আসতে পারে মমতার পক্ষ থেকেও।
দুই দেশের মধ্যে নতুন বাস সেবার উদ্বোধন করলেন মমতা
প্রস্তাব অনুযায়ী চালু হতে চলেছে কলকাতা-ঢাকা-আগরতলা বাস সেবা। গতকাল বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন থেকে বাস সেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় পাঁচশ’ কিলোমিটার রুটের এই বাস সেবা পূর্ণাঙ্গভাবে চালু হলে পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার সরাসরি যোগাযোগ গড়ে উঠবে। বাসের উদ্বোধনকালে মমতা ব্যানার্জি বলেন, আমি কখনো দুই বাংলাকে আলাদা করে দেখি না। ৬ জুন প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তির দলিল হস্তান্তর হবে। এই চুক্তি দুই দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তির সঙ্গে সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী করবে। বাসটি গতকালই বাংলাদেশের উদ্দেশ্যে কলকাতা ছেড়ে আসে। এই বাসে অন্যান্যের মধ্যে যাত্রী হিসেবে ছিলেন যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও রাজ্য পরিবহন সচিব আলাপন ব্যানার্জি।
এদিকে, পশ্চিমবঙ্গের ছিটমহলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সাড়ে তিন হাজার কোটির পুনর্বাসন প্যাকেজে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের দাবি মেনেই এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সফরের আগে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
