জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। দীর্ঘ ক্যারিয়ারে সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। নিজের নিয়মিত কাজের পাশাপাশি এখন ব্যস্ত আছেন ঈদের নাটক ও টেলিফিল্ম নিয়ে। এরইমধ্যে একটি টেলিফিল্ম ও একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। ‘শিরোনামে তুমি’ শিরোনামের একটি টেলিফিল্মের কাজ করেছেন মৌ। টেলিফিল্মটিতে তার সহশিল্পী সজল।
এছাড়াও ‘বালির গল্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকটিতে তার সহশিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। আগুনের সাথে কাজ করা প্রসঙ্গে মৌ বলেন, ‘আগুন শুধু একজন ভালো গায়ক না, তার অভিনয়েও মানুষ মুগ্ধ। তার অভিনয় ক্যারিয়ারটাও অনেক দিনের। তার সাথে কাজের অভিজ্ঞতা ভালো। নাটকটি ঈদের গতানুগতিক নাটকের চেয়ে খানিকটা ভিন্ন।
দর্শকদের ভালো লাগবে আশা করি।’ চলতি সময়ে আরও কয়েকটি ঈদের নাটক নিয়ে ব্যস্ত আছেন মৌ। এখনকার ঈদের নাটক প্রসঙ্গে মৌ বলেন, ‘চ্যানেল বেড়ে যাওয়ায় নাটকের সংখ্যা বাড়ছে কিন্তু মান কমছে। এখানে বাজেটসহ আরও অনেক কিছুরই উন্নতি প্রয়োজন।’
