প্রস্তাবিত বাজেটে গরিবদের প্রাধান্য দেয়া হয়েছে : ইনু

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৮:২৯
 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেটে ধনীর চেয়ে গরিবকেই প্রাধান্য দেয়া হয়েছে। বর্তমান সরকারকে কৃষি, গ্রাম এবং পরিবেশবান্ধব সরকার। গরিবদের প্রতি বিশেষ নজর রেখেই এ বাজেট ঘোষণা করা হয়েছে।
 
 ইনু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (ফাও) আবাসিক প্রতিনিধি মাইক রবসন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. নীতীশ চন্দ্র দেবনাথ।
 
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কৃষিবিদ ড. এম জয়নুল আবেদীন।
 
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র মহাসচিব কৃষিবিদ মোহাম্মদ মোবারক আলীসহ নেতৃবৃন্দ এ সেমিনারে বক্তৃতা করেন।
 
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সকল কার্যক্রম পরিচালিত হয় দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে। আর সে লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট ঘোষিত হয়েছে।