রাজধানীর খিলক্ষেতের কুড়াতলি বাজারের রাসেল মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে মনসুরুল সাকিব ওরফে আমানুল্লাহ (২৮) নামের মিথ্যা চিকিত্সক পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশসহ ১ লাখ টাকা জরিমানা করেছে।
র্যাব জানিয়েছে—র্যাব-২ এবং স্বাস্থ্য অধিদফতরের সহায়তায় কুড়াতলি বাজারের রাসেল মেডিসিন কর্নারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিথ্যা চিকিত্সক পরিচয়দানকারী মনসুরুল সাকিব আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানান—প্রায় ৬ মাস ধরে তিনি এ ফার্মেসিতে বিশেষজ্ঞ চিকিত্সক পরিচয় দিয়ে চিকিত্সা প্রদান করে আসছেন। নিজের নাম পরিবর্তন করে ‘ডা. শাহাদাত হোসেন এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) পার্ট-২, সিসিডি (বারডেম), ডিএমইউ (ঢাকা) কনসালটেন্ট সনোলজিস্ট আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার বিশেষজ্ঞ চিকিত্সক’ সাইনবোর্ড ব্যবহার করে ফার্মেসিতে চিকিত্সা প্রদান করে তিনি আসছিলেন। পরে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশসহ এক লাখ টাকা জরিমানা করেন।
