ভারত থেকে ৭৪০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করা হবে

আপডেট : ০৫ জুন ২০১৫, ২১:৩৯
 
 
ভারতের দুইটি কোম্পানি থেকে সাত হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করবে বাংলাদেশ সরকার। তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুত্ দেবে আদানি পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চার হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুত্ দেবে রিলায়েন্স কোম্পানি। এ ছাড়া, সব মিলিয়ে ভারত বাংলাদেশে বিদ্যুত্ জ্বালানি খাতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগ সমঝোতা চুক্তি করতে যাচ্ছে। বিপিসি সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার রাজধানীতে বিদ্যুত্ ভবনে ভারতের ওই দুই কোম্পানির সাথে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই করবে পিডিবি।
 
চুক্তির খসড়া অনুযায়ী—আদানি ভারতের একটি রাজ্যে ৮০০ মেগাওয়াটের দুইটি বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করে উত্পাদিত বিদ্যুতের ৮২ ভাগ বাংলাদেশে রপ্তানি করবে। ভারতের রাজ্য ভিত্তিক আইন অনুযায়ী মোট উত্পাদনের ১৮ শতাংশ দিতে হবে ওই রাজ্যে। আদানি পাওয়ার আরো ৮০০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার দুটি কেন্দ্র স্থাপন করবে। বাংলাদেশের মধ্যেই এ দুটি কেন্দ্র স্থাপন করা হবে।
 
রিলায়েন্স গ্রুপ বাংলাদেশে ৭৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার চারটি বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করবে। বাংলাদেশেই কেন্দ্রগুলো স্থাপন করা হবে। এ ছাড়া, ভারতের অরুণাচলের কানাইয়ে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার পানিবিদ্যুেকন্দ্র স্থাপন করা হবে। এ বিষয়ে ভারতে সরকারের সাথে রিলায়েন্সের সমঝোতা চুক্তি হয়েছে। এই এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের প্রায় পুরোটা বাংলাদেশে রফতানি করবে তারা।