ট্রেবল শিরোপা জয়ের মধ্য দিয়ে মৌসুম শেষ করার লক্ষ্য নিয়ে আজ শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও জুভেন্তাস। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে এদিন দু’দলের সামনেই থাকছে দারুণ কিছু রেকর্ড গড়ার হাতছানিও।
দীর্ঘ এক যুগ পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা জুভেন্তাস ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ আসরটিকে তৃতীয় শিরোপা নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে। পক্ষান্তরে উজ্জীবিত বার্সেলোনার লক্ষ্য পঞ্চমবারের মতো এই শিরোপা ছোঁয়া।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটিতে নজর থাকবে স্প্যানিশ জায়ান্টদের কোচ লুই এনরিকে ও জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দিকেও। নিজ নিজ ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই তারা দারুণ সময় পার করছেন। এনরিকে যেমন এরই মধ্যে বার্সাকে লা লিগা ও স্প্যানিশ কাপের শিরোপা এনে দিয়েছেন, তেমনি জুভদের সিরি আ ও ইতালিয়ান কাপ এনে দিয়েছেন অ্যালেগ্রি। কোচ দু’জনের সামনে এখন ট্রেবল জয়ের পালা।
কাতালান ক্লাবটি বার্লিনেও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপার দেখা পাবে তারা। এর আগে কোচ পেপ গার্দিওলার তত্ত্বাবধানে প্রথম মৌসুমেই ২০০৮-২০০৯ সালে এই কৃতিত্ব দেখিয়েছিল বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি ছাড়াও একই মৌসুমে ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ইতিহাসে এমন কৃতিত্ব আছে আরো ছয়টি দলের। সবার আগে ১৯৬৭ সালে এই কৃতিত্ব দেখায় সেল্টিক। এরপর আয়াক্স (১৯৭২), পিএসভি আইন্ডহোভেন (১৯৮৮), ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৯), ইন্টার মিলান (২০১০) ও বায়ার্ন মিউনিখ (২০১৩) এই অর্জনে নাম লেখায়।
এবার বার্সার সবাইকে ছাড়িয়ে যাওয়ার পালা। জুভেন্তাসকে হারিয়ে দিতে পারলেই ইতিহাসে প্রথম কোনো ক্লাব হিসেবে দু’বার ট্রেবল জয়ের বিরল রেকর্ড গড়বে লা লিগা চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে দলটির অনেক খেলোয়াড়ই এই রেকর্ডের অংশ হবে। কেননা তারকা স্ট্রাইকার লিওনেল মেসিসহ ২০০৯ সালে ট্রেবল জয়ী বার্সার অনেক খেলোয়াড় আছেন এবারের দলেও। যদিও গার্দিওলার রেখে যাওয়া ওই দলটিতে এখনো তারুণ্যই দেখছেন কোচ এনরিকে। তিনি বলেন, ‘আমরা এখনো তরুণ একটি দল। গার্দিওলার আমলের বেশ ক’জন খেলোয়াড় এখনো পুরোপুরি ফিট আছে; যা আমাদের মৌসুমটাকে ঐতিহাসিক করে তুলতে সাহায্য করবে।’
