মমতা ঢাকায়

আজ মোদী হাসিনা মমতা বৈঠক

আপডেট : ০৬ জুন ২০১৫, ১২:২৪
 
স্থলসীমান্ত চুক্তির দলিল বিনিময়ের আগে আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে একটি ঘরোয়া আলোচনা হবে। সেখানে তিস্তার পানিবন্টন সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হবে। সূত্রের খবর, আজ তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে এর সমাধান যাতে দ্রুত হয় তার দিক-নির্দেশনা মিলতে পারে এ দ্বিপাক্ষিক বৈঠকে। সম্ভব হলে এ দিনই তিস্তা সংক্রান্ত একটি প্রাথমিক খসড়া রচিত হতে পারে এবং কিছুদিনের মধ্যেই দুই দেশের অনুমোদন পেতে পারে।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের একদিন আগেই গতকাল শুক্রবার রাতে ঢাকায় আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রাত ৮টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মমতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণসহ হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়েন মমতা। বিমানে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম সান্যালসহ আট জন।
 
সফরকালে নরেন্দ্র মোদী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার সোনারগাঁও হোটেলে থাকবেন। তবে সফরসঙ্গী হলেও এই হোটেলে ওঠেননি মমতা ব্যানার্জি। তিনি তার সঙ্গীদের নিয়ে ঢাকার র্যাডিসন হোটেলে উঠেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষেই তিনি সরাসরি হোটেলে চলে যান।
 
আজ শনিবার সকালে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন মঠে যাবেন ও পরিদর্শন শেষে মিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। বেলা তিনটায় তিনি সোনারগাঁও হোটেলে যাবেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করবেন। এর পর তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সীমান্ত চুক্তির দলিলপত্র হস্তান্তরের সময় মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া ঢাকা হয়ে কলকাতা-আগরতলা নতুন বাস সার্ভিসের উদ্বোধন করবেন। 
 
এদিকে মমতা ব্যানার্জি ঢাকায় পৌঁছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেন। প্রধানমন্ত্রী তাকে বলেন, আপনাদের সম্মানে শনিবার একটি নৈশভোজের আয়োজন করেছি। আপনি চলে গেলে কেমন হয়? আপনি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছেন। আপনি থাকুন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ঠিক হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেয়া নৈশভোজে অংশগ্রহণ করে শনিবার রাতের বিমানে মমতা কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সম্পর্কের রেষারেষিতে নরেন্দ্র মোদীর ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে মমতার ঢাকা সফর নিশ্চিত হলেও তিনি প্রধানমন্ত্রীর সফরের এক দিন আগে এসেছেন, আবার ঢাকা ছেড়ে যাবেন প্রধানমন্ত্রীর ফেরার এক দিন আগে। এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে না—এটি নিশ্চিত হয়েই ঢাকায় এসেছেন মমতা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিস্তার পানি চুক্তিতে আপত্তি থাকলেও দুই দেশের সম্পর্কোন্নয়নে কিছু ঘোষণা আসতে পারে মমতার পক্ষ থেকে।