ভারত জুড়ে এখন ভয়াবহ দাবদাহ চলছে। বাংলাদেশ বা ভারতের প্রদেশ বাংলাও এই গরমের বাইরে নয়। তবে বাকি ভারতের চেয়ে একটু শীতল বৈকী! আর এই শীতলতার খোঁজেই বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি ক্যাম্প ও ফিটনেস ক্যাম্প করতে ভারতীয় দল এখন কলকাতায়। এখানে আজ ও আগামীকাল ক্যাম্প শেষ করে পরশু বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে ভারতীয় দল।
যদিও প্রাথমিক সূচি অনুযায়ী আগামীকালই বাংলাদেশে চলে আসার কথা ছিলো বিরাট কোহলির নেতৃত্বে এই দলের। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সঙ্গে মিলে যাওয়ায় একদিন পিছিয়ে আসছে তারা। আর এই সময়টা কলকাতায় নজিরবিহীন এক ফিটনেস টেস্ট দেবে ভারতীয় দল।
ভারতীয় দল কখনোই কোনো সিরিজের আগে পূর্ণাঙ্গ ফিটনেস টেস্ট দেয়নি। এর আগে রেওয়াজটা ছিলো, ইনজুরি থেকে ফেরা বা শঙ্কায় থাকা খেলোয়াড়দের পরীক্ষা হতো। কিন্তু টানা খেলায় সবারই ইনজুরির শঙ্কা থাকায় প্রথমবারের মতো ভারতীয় ম্যানেজমেন্ট আয়োজন করেছে এই টেস্টের।
গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সূত্র নিশ্চিত করেছে যে, সকাল থেকে ধাপে ধাপে কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা।
