ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। শনিবার বিকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দুইদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর একটি জেট বিমান ভারতের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল ১০টা ২৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর জেট ‘রাজদূত’ থেকে নেমে আসার পর ১৯ বার তোপধ্বনি করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে ভিভিআইপি টারমাকের কাছে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। এসময় একটি ছোট শিশু তাকে ফুলের তোড়া উপহার দেয়। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে বিমান বন্দরের ভিভিআইপি টারমাকের কাছে স্থাপন করা অস্থায়ী সালাম গ্রহণ মঞ্চে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সালাম গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সুসজ্জিত মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে ভারতের প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধ জানানোর জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। পরে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন তিনি।
