কলকাতার ছবিতে গান করছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।
‘সাদাকালো’ শিরোনামের একটি গানে কলকাতার একটি ছবিতে প্লেব্যাক করবেন ফাহমিদা। ফাহমিদা নবীর সাথে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দেবেন ওপার বাংলার শান। গানটি লিখেছেন ইবনে সুমন ও সুর-সঙ্গীত করেছেন শান।
ফাহমিদা নবী বলেন, ‘প্লেব্যাকের উদ্দেশে গানটি করা হয়নি। আমার একক অ্যালবামের কাজ করছেন শান। অ্যালবামেরই একটি গান এটি। কলকাতার ছবিতে যখন তাকে গানের প্রস্তাব দেয়া হয় শান তখন তাদের এই গানটির কথা বলেন। সেখান থেকেই গানটি কলকাতার চলচ্চিত্রে ব্যবহার হবে।’
ছবির নাম এখনও ঠিক করা হয়নি। ছবিতে শান আরও তিনটি গান করবেন। ঈদে ফাহমিদা নবীর একক অ্যালবামটি রিলিজ পাবে। মোট ৭টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। পুরো অ্যালবামটির সুর ও সঙ্গীত করেছেন শান।
অ্যালবাম ও গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘আমার ভালোলাগার গানগুলো নিয়েই অ্যালবামটি সাজিয়েছি। হঠাৎ করেই ‘সাদাকালো’ গানটি ওপারের চলচ্চিত্রে এরইমধ্যে নির্বাচিত হওয়ায় ভালো লাগছে। আশা করি আমার শ্রোতাদেরও অ্যালবামের গানগুলো ভালো লাগবে।’
