বাস সার্ভিস উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৯:২৯

 

ঢাকা-শিলং-গোহাটি এবং কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস সার্ভিস উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এই বাস সার্ভিস উদ্বোধন করা হয়। এসময় তাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, আজ সকালে দুইদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর একটি জেট বিমান ভারতের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সকাল ১০টা ২৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর জেট ‘রাজদূত’ থেকে নেমে আসার পর ১৯ বার তোপধ্বনি করা হয়। বিকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। পরে একসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা।