বৈঠকে হাসিনা-মোদী

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৮:১৩
 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকাল চারটার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন তারা।
 
এর আগে কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গোহাটি বাস সার্ভিস উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন মোদী।
 
সকালে দুইদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান মোদী। ভারতীয় বিমান বাহিনীর একটি জেট বিমান ভারতের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সকাল ১০টা ১২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সকাল ১০টা ২৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর জেট ‘রাজদূত’ থেকে নেমে আসার পর ১৯ বার তোপধ্বনি করা হয়। 
 
বিকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। পরে একসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা। সূত্র: বিটিভি