রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিমাণ এবং এ তহবিল থেকে নেয়া ঋণের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শনিবার রাজধানীর কারওয়ানবাজারে বিটিএমএর কনফারেন্স হলে ‘টেক্সটাইল শিল্প বৃদ্ধিতে রফতানি উন্নয়ন ফান্ড (ইডিএফ)’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বিটিএমএ সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ। এতে ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম, ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহিদুল ইসলাম, বিটিএমই সাবেক সভাপতি মতিন চৌধুরী ও বাদশা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়াসহ অনেকেই বক্তব্য দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
সেমিনারে তপন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রফতানি বাড়াতে ইডিএফ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এ তহবিলের ঋণের সময়সীমা ১৮০ দিন পার হলেই রফতানিকারকদের কাছ থেকে চার্জ কাটা হয়। আগে এক ধাপের মধ্যে রফতানি করা সম্ভব হতো, তখন ১৮০ দিনের মধ্যে এটি সম্ভব হতো কিন্তু এখন ৪টি ধাপ অতিক্রম করতে হয়। তাই এ সময় সীমা বাড়ানো দরকার।’
তিনি বলেন, ‘১৯৮৯ সালে ৩১ দশমিক ২ মিলিয়ন ডলারের ফান্ড নিয়ে ইডিএফের যাত্রা শুরু হয়। বর্তমানে সেই ফান্ড দেড় বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এটি আরো বাড়িয়ে আড়াই বিলিয়ন ডলার করা দরকার।’
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণতি হচ্ছে। এ জন্য আমাদের বিনিয়োগ ও মাথাপিছু আয় বাড়াতে হবে। বিগত বছরগুলোতে জিডিপি যে ৬ শতাংশের ঘরে আটকে আছে তার থেকে বেরিয়ে আসতে হবে। জিডিপি ৮ শতাংশে নিতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ব্যালেন্স অব পেমেন্ট পরিস্থিতি ভাল। বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রটেকশন দিচ্ছি। কারণ, ডলারের দাম পড়ে গেলে রফতানি ক্ষতিগ্রস্ত হয়।’
