ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উভয় দেশই তাদের উদ্বেগ ও অগ্রাধিকারের বিষয়গুলো সম্পর্কে অবগত।
এসময় তিনি দু'দেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য আন্তঃযোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী মোদী এবং আমি উভয়েই এ বিষয়ে সম্মত হয়েছি যে, আন্তঃযোগাযোগ শুধু এই দুদেশের নয়, এই অঞ্চলের উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।'
এসময় তিনি দু'পক্ষের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও প্রটোকলের কথা জানিয়ে বলেন, নতুন বাস সার্ভিস উদ্বোধন অঞ্চলটিতে নিরবচ্ছিন্ন সংযোগ প্রতিষ্ঠার প্রতি উভয় পক্ষের অঙ্গীকারের দৃষ্টান্ত।
আন্তঃযোগাযোগের মধ্য দিয়ে এ অঞ্চলের জনগণের জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'চুক্তিগুলোতে যে নতুন বিষয়সমূহ সন্নিবেশিত হয়েছে তার মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে।'
