ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারিধারায় ভারতীয় হাইকমিশনের নবনির্মিত চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে মোদী এখানে পৌঁছন। তিনি সেখানে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশে ৬টি প্রকল্পের জন্য ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
প্রকল্পগুলো হলো, টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, অন্ধ শিক্ষা ও পুনর্বাসন উন্নয়ন কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি বিভাগ প্রতিষ্ঠা, সংগীত বিভাগে রেকর্ডিং স্টুডিও এবং নৃত্যকলা বিভাগে সহযোগিতা প্রকল্প এবং ভারত-বাংলাদেশ মৈত্রী গার্লস হোস্টেল।
তিনি ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশনের নেতাদের কাছে দু’টি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। মোদী পরে কমপ্লেক্স চত্বরে একটি বকুল চারা রোপণ করেন। ভারতের প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে ছবি তোলেন। উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং দূতবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
