বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়া হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এই পুরস্কার তুলে দেন। বাজপেয়ীর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে যান মোদী। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
বিকেলে মোদীর সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে সরাসরি বিমানবন্দরে গিয়ে দিল্লির পথে যাত্রা করেন মোদী।
