কর্মচারীদের বিক্ষোভ: সলিমুল্লাহ হাসপাতালে সেবা ব্যাহত

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৫:২৫

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) কর্মচারীদের বিক্ষোভে প্রায় ঘণ্টাব্যাপী চিকিৎসাসেবা বিঘ্নিত হয়েছে। এসময় ভর্তি এবং জরুরি সেবা নিতে আসা অনেক রোগীকে পোহাতে হয়েছে দুর্ভোগ। 

 
রবিবার সকাল ১১টা থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীরা কাজ বন্ধ করে দিয়ে হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন। 
কর্মচারীদের আবাসন সমস্যা সমাধান, পোষ্যদের চল্লিশ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য হাসপাতালে আলাদা শয্যার ব্যবস্থা করা ও সুইপারদের আবাসিক ভবন না ভাঙার দাবিতে বিক্ষোভ করে তারা। 
 
রোগীদের দুর্ভোগের বিষেয়ে হাসপাতালে সহকারী পরিচালক আবুল ফজল বলেন, কর্মচারীদের বিক্ষোভের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।
 
তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন জানান, সোমবারও তাদের এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি আছে।
 
এছাড়া বুধ ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করবেন তারা।