বাংলাদেশ সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিসহ বিদ্যমান সকল সমস্যা পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে, কেননা দুই দেশ এগুলো নিয়ে কাজ করছে।
রবিবার বিকেলে হোটেল স্যুইটে মোদীর সাথে সাক্ষাৎ শেষে তাকে উদ্ধৃত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এসব কথা জানান।
মোদী বলেন, আমরা যদি একসাথে কাজ করি তাহলে বিদ্যমান সকল সমস্যার সমাধান সম্ভব হবে। বৈঠক শেষে সাংবাদিকদের রওশন এরশাদ বলেন, দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।
মোদী তিস্তা সমস্যা সমাধানে কোন সুনির্দিষ্ট সময়সীমা দিয়েছেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে না-সূচক উত্তর দিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সবকিছু সমাধানের কথা বলেছেন। বৈঠককালে কোন রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হয়নি।
বৈঠককালে জাতীয় পার্টির নেতা- আনিসুল ইসলাম মাহমুদ, তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
