রফিকুল-আমানসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৬:৪০
 
পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা এই আদেশ দেন।
 
বাকিদের মধ্যে কয়েকজন হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আফিয়া আশরাফি, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, জামায়াতের কেন্দ্রীয় নেতা শিবলি নোমান প্রমুখ।
 
বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা দুইটিতে অভিযোগপত্র গ্রহণের দিন আজ ধার্য ছিল। এসব মামলায় জামিনে থাকা এই ২৮ আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
২০১৫ সালের ২৮ জানুয়ারি বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে যানবাহন চলাচলে বাধা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও নাশকতার অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
 
চলতি বছরের ২৪ মার্চ দুইটি মামলায় ৪২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে বর্তমানে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী এবং রিজভীসহ ১৪ জন।