বাংলাদেশই সম্মানিত হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৬:৪৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ দিয়ে বাংলাদেশই সম্মানিত হয়েছে।
 
রবিবার সকালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এ সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বঙ্গভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের একজন মহৎ ব্যক্তি এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধুকে সম্মানিত করার মাধ্যমে আমরা নিজেদের সম্মানিত করছি।
 
১৯৭১ সালে বাঙালি জাতি যখন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সে সময় অটল বিহারী বাজপেয়ী লোকসভার সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন পদক্ষেপ নেন। ‘অরগানাইজার’ পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বাগত জানান এবং বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে ও মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান।