করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার টাকা করার দাবি

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৯:০৬
 
 
আগামী ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটকে পুঁজিবাজার-বান্ধব বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে আগামী বাজেটে করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার টাকায় উন্নীত করা সহ একাধিক দাবি জানিয়েছে ডিএসই। রবিবার ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসইর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
 
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেন, ‘এবারের বাজেটে বাজারের জন্য অনেক সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। তবে বাজারের স্বার্থে আরো কিছু বিষয়ে সুযোগ দেয়া দরকার। বিশেষ করে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার টাকায় উন্নীত করা প্রয়োজন। এ ছাড়া, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছর শতভাগ কর অবকাশ সুবিধা দেয়া দরকার। এ সুবিধা দিলে পুঁজিবাজারে অবকাঠামোগত বিনিয়োগ সক্ষমতা বাড়বে।
 
সাংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, পরিচালক শাকিল রিজভী, খাঁজা গোলাম রসূল, শরীফ আনোয়ার হোসেন ও চিফ রেগুলেটর অফিসার (সিআরও) জিয়াউল হাসান খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ডিএসইর এমডি পুঁজিবাজারের স্বার্থে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ বা এর বেশি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর রেয়াত বহাল রাখার দাবি জানান।