রাজধানীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৯:৪০
 
রাজধানীর মুগদা, বনানী, ফকিরাপুল ও শাহবাগে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের সবার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত চারজনের মধ্যে একজন কিশোরী ও একজন বৃদ্ধ রয়েছেন। রবিবার ভোর রাত থেকে সকাল ৭টার মধ্যে এই ঘটনাগুলো ঘটে।
 
শনিবার রাত ৩টার দিকে মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় বিষ পান করে আত্মহনন করেন রোজিনা (১৭) নামের এক কিশোরী। ভোর ৪টার দিকে ফকিরাপুলের বড় মসজিদ সংলগ্ন ১০২/২ নম্বরের সৌরভ লেমিনেশনে কাগজের বান্ডিল মাথায় পড়ে মৃত্যু হয় সুজন (২২) নামের এক প্রেসকর্মীর।
 
এ দিকে, রবিবার সকাল ৭টার দিকে বনানী সৈনিক ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুমন (৩০) নামের আরেক ব্যক্তি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ সব তথ্য নিশ্চিত করেন।
 
এ ছাড়া, রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় রমজান আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী লালবাগ আব্দুল আজিজ লেনের ৩৯/১ নম্বর বাসায় থাকতেন।
 
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান—গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
 
রমজান আলীর মেয়ের জামাই আব্দুল ছাত্তার জানান— সকালে তার শ্বশুর হাঁটতে বের হন। শাহবাগ মোড়ে আসলে একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।