ফোনালাপ ফাঁস হওয়ায় 'বিব্রত' বিএনপি নেতারা

আপডেট : ০৭ জুন ২০১৫, ২১:৫৯
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রইস উদ্দিন রইসের কথোপকথন ফাঁস হওয়ায় উভয়েই পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে।
 
সম্প্রতি মাহবুব ও রইসের মধ্যে ২১ মিনিট ৫২ সেকেন্ডের একটি গোপন কথোপকথন প্রকাশ করে ‘বাংলা লিকস’ নামে একটি ইউটিউব চ্যানেল। যেখানে উঠে এসেছে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত না করা,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাত নিয়ে অনিশ্চয়তা, হাসিনা-খালেদা টেলিফোন আলাপ, চীন, জামায়াত,সেনাবাহিনী, ২০১৯ সালের জাতীয় নির্বাচন, সিনিয়র নেতাদের জামিন,দলের বিভিন্ন দুর্বল দিকসহ নানা প্রসঙ্গ।
 
যেখানে বিতর্কিত কথা ছিল: 'বিএনপি দল আছে নাকি? খালেদা কে দিয়ে হবে না !'-লে,জেনারেল (অব.) মাহবুব ফোনালাপ প্রসঙ্গে বলেন, ‘এ ফোনালাপ নিয়ে কেউ কিছু করে ছেড়ে দিবে, তা নিয়ে কোনো বক্তব্য নেই। এটা আমেরিকাতে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। লো মেন্টালিটি, লো কালচার- এটাই বক্তব্য আর কোনো কথা নেই।’
 
রইসের সঙ্গে আপনার নিয়মিত কথা হয় কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে ঘাপলা আছে। এটি নিয়ে কোনো ডিসকাস করতে চাচ্ছি না।
 
অ্যাডভোকেট রইস জানান, তার বাড়ি পঞ্চগড় জেলার তেতুলিয়ায়। এলাকার নেতা হিসেবে জেনারেল মাহবুবুবের সঙ্গে তার কথা হয়েছে। কিন্তু সেটা কিভাবে ফাঁস হল সেটা তিনি জানেন না।
 
রইস দাবি করেন, জেনারেল মাহবুবের সঙ্গে তার নিয়মিত কথা হয়। তবে যে ফোনালাপ ফাঁস হয়েছে তা একদিনের নয়। খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে।
 
উল্লেখ্য, ‘বাংলা লিকস’ চ্যানেল ইতিপূর্বে ব্যারিস্টার মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকজন রাজনীতির ফোনালাপ ইউটিউবে প্রকাশ করে।