ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদের সভাপতিত্বে দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল গতকাল রবিবার সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সঙ্গে সাক্ষাত্ করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম। বৈঠকে বিজিএমইএ সভাপতি ভারতীয় প্রধানমন্ত্রীকে বিজিএমইএর অনুকূলে ৫০ একর জমি প্রদানের অনুরোধ জানান। তিনি বলেন, এই জমি পেলে বিজিএমইএর সদস্য ও অন্যরা ২৫ মিলিয়ন ডলার নিয়ে ভারতে একটি কোম্পানি গঠন করবে এবং সেখানে ভারতের বৃহত্তম ওয়্যারহাউস ও ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করবে। এছাড়া বিজিএমইএ ভারতে ১ হাজার রিটেইল শপও স্থাপন করবে। এসব করা হলে দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিএমইএ সভাপতি বাংলাদেশি পোশাক পণ্যের ওপর ভারত সরকার আরোপিত কাউন্টারভেইলিং ডিউটি (সিভিডি) প্রত্যাহার ও বাংলাদেশ থেকে বেশি বেশি তৈরি পোশাক আমদানির অনুরোধ জানালে ভারতীয় প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। বৈঠক শেষে এফবিসিসিআই সূত্রে এ তথ্য জানা গেছে। সাক্ষাতের শুরুতেই প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা, শিক্ষা, পরিবেশ, সীমান্ত ও বিনিয়োগসহ বিভিন্ন ইস্যুতে ২২ চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ বলেন, উল্লিখিত প্রটোকল স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও ভারতের দ্বি-পাক্ষিক ব্যবসা ও বিনিয়োগ এক নতুন উচ্চতায় পৌঁছবে। এর ফলে এখন থেকে এদেশীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ভারতের যেকোনো স্থানে নির্বিঘ্নে যেতে পারবেন। এতে করে ব্যবসার নতুন নতুন সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হবে এবং ফলশ্রুতিতে সংশ্লিষ্ট দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন। তিনি বলেন, ভারতের বেসরকারি খাতের বিনিয়োগ এদেশের নির্ধারিত গুরুত্বপূর্ণ খাতসমূহ এবং বিভিন্ন অঞ্চলে আকর্ষণের জন্য প্রাইভেট সেক্টর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে এবং এই কমিটি রপ্তানি বৃদ্ধি ও এর মাধ্যমে ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সমর্থ হবে।
বৈঠক শেষে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবগুলো দ্রুত বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. সফিউল ইসলাম, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন বিভাগীয় চেম্বারের সভাপতিগণ এ সময় উপস্থিত ছিলেন।