ভর্তি পরীক্ষা নিতে পারবে নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৭:৪১
 
 
 
নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ এই তিনটি  কলেজ পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। 
 
সোমবার হাইকোর্ট এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির বিধান করে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন তিনটি কলেজের ক্ষেত্রে স্থগিত করে।
 
বিচারপতি নাইমা হায়দার এবং  বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এই স্থগিত আদেশ দেন।
 
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা-২০১৫ এর অধীনে মেধা তালিকার ভিত্তিতে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এ তিন কলেজের জন্য ছয় মাসের স্থগিতাদেশ করে আদেশ দিয়েছে আদালত। 
 
এছাড়াও ভর্তি সংক্রান্ত নীতিমালা জারি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। 
 
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
গত ১ জুন সারাদেশে উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে মেধাতালিকা অনুসারে ভর্তির জন্য একটি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 
 
এই নীতিমালার ৬টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এ তিন কলেজের অধ্যক্ষরা। তারা হলেন, হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা এল গোমেজ, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি ফিউরিফিকেশন
 
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী জিনাত হক।