মেক্সিকোকে হারালো ব্রাজিল

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৫:১৭
 
কোপা আমেরিকা টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনটা বেশ ভালভাবেই সেড়ে নিয়েছে ব্রাজিল। রবিবার সাও পাওলোতে অনুশীলন ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে নেইমার বিহীন ব্রাজিল। গত বছরের বিশ্বকাপের পরে এটাই ছিল ঘরের মাঠে সেলেসাওদের প্রথম ম্যাচ।
 
আগামী সপ্তাহ থেকে চিলিতে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার আসর। কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের আগে কোচ দুঙ্গার অধীনে দলের এই জয় সেলেসাওদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে।
 
দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। গোল দুটি করেছেন লিভারপুলের ফিলিপ কোটিনহো এবং দিয়েগো টারডেলি। এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক দুঙ্গার অধীনেই ২০০৭ কোপা শিরোপা জিতেছিল কাকা, রোনালদিনহোরা।
 
গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হবার পরে কোচ লুইজ ফিলিপ স্কলারির জায়গায় জুলাইতে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব পান দুঙ্গা। নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩-০ গোলে হারার পরে রবিবারের ম্যাচটি ছিল নিজেদের মাঠে ব্রাজিলের প্রথম ম্যাচ।

নতুন করে দায়িত্ব নেবার পর থেকে দুঙ্গার অধীনে দেশের বাইরে আটটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে নেইমাররা।