নতুন অর্থবছরের বাজেটে চিনি আমদানির ওপর আমদানি শুল্ক আরোপের ‘ভুল’ প্রস্তাব সংশোধন হয়েছে।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তার বাজেট বক্তৃতার বইতে ওই ভুল সংশোধন করার বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গত ৪ জুন মুহিতের বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও মুদ্রিত বক্তৃতার শেষে একটি সারণিতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৪ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার কথা বলা হয়।
এই শুল্কহার আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে বলেও সারণীতে উল্লেখ ছিল।
শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, চিনির ওপর শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, সংসদ সচিবালয়ের সঙ্গে কথা বলে এনবিআর এর সংশোধনী দেবে। বাজেট পাসের আগে এটি ঠিক করা হবে। বাজেট পাসের সময় অর্থবিলে বিষয়টি আর থাকবে না।
সোমবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী চিনির বর্তমান শুল্কহার উল্লেখ করে বলেন, আমরা বিভিন্ন প্রস্তাব বিবেচনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত কোন পরিবর্তন করিনি। সুতরাং সেটাই (আগেরটা) থাকবে।
