রাজধানীর তেজগাঁওয়ে একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার ভেজার আইসক্রিম ধ্বংস করেছে। এ ঘটনায় ঐ কারখানার মালিক আলমগীর হোসেনকে (৩৫) এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করে। পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দেয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, সোমবার দুপুর দেড়টার দিকে নাখালপাড়ার মিম আইসক্রিম কারখানায় মেজর মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঐ কারখানায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অভিযোগ রয়েছে।
অভিযান চালিয়ে কারখানা মালিককে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় যে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। আর আইক্রিমের উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে শিল্প-কারখানা ও কাপড়ে ব্যবহারের বিভিন্ন ধরণের রং, স্যাকারিন, কৃত্রিম সুগন্ধি, এ্যারারুট ও ওয়াসার সরবরাহ করা পানি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন স্বীকার করেন যে এক বছর ধরে তিনি এভাবে আইসক্রিম তৈরি করে রাজধানীর বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছেন। পরে আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। এসময় প্রায় ১৫ হাজার আইসক্রিম ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেয়।
