মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে থাকবে গণজাগরণ

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৯:২০
 
 
যুদ্ধাপরাধের অভিযোগে পলাতক সৈয়দ মো. হাসান আলীর সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবিতে আজ মঙ্গলবার শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
 
সোমবার মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঞ্চের আন্দোলন শুরু হয়েছিল। একই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে রায় ঘোষনার সংবাদ না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।
 
গণজাগরণ মঞ্চের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, হাসান আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার হিসাবে স্বাধীনতাবিরোধী অপকর্ম পরিচালনা করে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের সুনির্দিষ্ট ৬টি অভিযোগে গত বছরের ১১ নভেম্বর থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচার কার্যক্রম শুরু হয়।
 
বিজ্ঞপ্তিতে একইসাথে দ্রুততম সময়ের মধ্যে সকল যুদ্ধাপরাধীর বিচার, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ সকল যুদ্ধাপরাধী সংগঠন নিষিদ্ধকরণ এবং পলাতক যুদ্ধাপরাধীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।