শরীর চর্চার কোনো বিকল্প নেই : শিল্পমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৯:৩৯
 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০২১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে সুস্বাস্থ্যের অধিকারী ও মেধাবী জনগোষ্ঠি গড়ে তোলা প্রয়োজন। নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক উদ্দীপনা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ-সবল জাতি গঠনে শরীর চর্চার কোনো বিকল্প নেই।
 
শিল্পমন্ত্রী আজ ‘৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৫’ উপলক্ষে আয়োজিত শতাধিক ছাত্রীর যোগাসন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
বাংলাদেশ মার্শাল আট কনফেডারেশন রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এতে সভাপতিত্ব করেন।
 
মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিকে অম্লান করে রাখতে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ‘৪র্থ বেগম ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০১৫’ এর আয়োজন করেছে। তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় ১ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর বাসস।