সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক জানিয়েছেন, জাতীয় দলের ব্যাটসম্যানদের শেখানোর জন্য তিনি প্রস্তুত। সেই সুযোগ পেলে খুশিই হবেন বলেও জানিয়েছেন এই সাবেক অধিনায়ক ও বিখ্যাত ব্যাটসম্যান।
পাকিস্তানের হয়ে ১২০ টেস্টে ৪৯.৬০ গড়ে ৮৮৩০ রানের মালিক ইনজামাম সংক্ষিপ্ত সময়ের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে তিনি মনে করছেন পাকিস্তান যেহেতু নিজেদের অবস্থার উন্নতি চায় তাই তার অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে।
ইনজামাম বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যদি আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেয়, তাহলে আমি সে প্রস্তাব গ্রহণে আমি প্রস্তুত। কেননা দেশকে আমি কিছু ফিরিয়ে দিতে চাই। এই দেশটিই আমাকে বিখ্যাত করেছে।
দলের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করে দীর্ঘদেহী এই ব্যাটসম্যান আরো বলেন, দীর্ঘ দিন যাবত পাকিস্তান দলের ব্যাটিংটা ভাল হচ্ছে না এবং এটা উন্নত করতে অনেক কাজ করা দরকার, যা হতে হবে মনে প্রাণে। আমাদের ব্যাটসম্যানদের কিছু টেকনিক্যাল সমস্যা আছে, যা কাটিয়ে উঠতে সময় দরকার। পাকিস্তান ব্যাটসম্যানদের ছোট খাটো এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাবো এবং তাদের খেলার মান ও দক্ষতা বাড়াতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঘরোয়া ক্রিকেট নিয়েও কথা বলেন বিগ ম্যান ইনজি।
তিনি বলেন, ভাল খেলোয়াড় তৈরীতে ঘরোয়া ক্রিকেটে আরো অনেক কিছু করতে হবে পিসিবিকে। তরুণ খেলোয়াড়দেরকে আরো সুযোগ দিতে হবে।
ভাল ক্রিকেটার পেতে হলে শক্তিশালী ক্রিকেট অবকাঠামোর কোন বিকল্প নেই জানিয়ে ইনজামাম বলেন, আমাদের সময়ে ভাল মান সম্পন্ন খেলোয়াড় তৈরির ক্ষেত্র হিসেবে বিবেচিত হতো ঘরোয়া ক্রিকেট এবং এখানে মেধাবী খেলোয়াড়ের কোন অভাব ছিল না, যারা জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকত। তবে বর্তমানে ঘরোয়া ক্রিকেট থেকে বোর্ড ভাল খেলোয়াড় পাচ্ছেনা এবং একই মুখকে বার বার সুযোগ দেয়া হচ্ছে। পুরান মুখের পরিবর্তে পিসিবি যদি সত্যিই ভাল মানের খেলোয়াড় পেতে চায় তবে তবে তাদেরকে ঘরোয়া ক্রিকেটের আবকাঠামোগত উন্নয়ন করতে হবে। বাসস
