দুই পর্দাতেই ব্যস্ত নিপুন

আপডেট : ০৯ জুন ২০১৫, ০১:২৩
‘অজ্ঞাতনামা’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের আউটডোরের কাজ সম্প্রতি শেষ করলেন চিত্রনায়িকা নিপুন। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। নিপুন বলেন, ‘বাইরের যত কাজ ছিল তা আমরা শেষ করেছি। এখন ঢাকায় গানের শুটিংগুলো করবো। দারুণ একটি গল্প ছবিটির। আর তৌকির ভাই তার কাজের জন্য বরাবরই প্রশংশিত। ভালো একটি কাজ হচ্ছে।’ গত মাসে টরেন্টোতে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘৭১-এর মা জননী’ ছবির জন্য এ্যাওয়ার্ড পান নিপুন। ছবিটি আবারও এ বছরের ঈদে প্রদর্শন করা হবে।
 
বড়পর্দার পাশাপাশি বিশেষ দিনগুলোতে ছোটপর্দাতেও দেখা যায় নিপুনকে। এবার ঈদেরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নিপুন। এরমধ্যে মাসুদ সেজান পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক সিক্যুয়াল ‘ফরমালিন অ্যাকশন’ শিরোনামের ৬ পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন নিপুন।
 

ছোটপর্দায় অভিনয় প্রসঙ্গে নিপুন বলেন, ‘আমি সাচ্ছন্দবোধ করি তাই করি। বড়পর্দার নায়িকারা ছোটপর্দায় কাজ করতে পারবে না, এই ফর্মূলা কতটা সঠিক আমি জানি না। নাটকের গল্প ও মান বিবেচনা করেই করি। এবার ঈদেও যে নাটকগুলো করেছি, আশা করছি দর্শকদের ভালো লাগবে।’