‘বার্সার নেইমারে’ পুলকিত দুঙ্গা

আপডেট : ০৯ জুন ২০১৫, ০১:৩০
বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ খুশী ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লোস দুঙ্গা। দুঙ্গার বিশ্বাস, ক্লাবের হয়ে নেইমারের দুরন্ত পারফরম্যান্স জাতীয় দলের হয়েও তাকে সাফল্য পেতে অনুপ্রাণিত করবে। তবে নেইমারের সাহায্য ছাড়াই গত রবিবার সাও পাওলোতে কোপা আমেরিকার প্রস্তুতিমূলক ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
 
ইতিহাসের প্রথম ক্লাব হিসাবে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ট্রেবল জিতেছে বার্সেলোনা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ১টি গোলও করেন তিনি। তাই চ্যাম্পিয়ন্স লীগে নেইমারের সাফল্য প্রকারন্তরে ব্রাজিলের ফুটবলে কাজে আসবে বলে মনে করেন দুঙ্গা, ‘চ্যাম্পিয়ন্স লীগে নেইমারের সাফল্য ব্রাজিল ফুটবলে উপকারে আসবে।’
ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনায় যোগ দেন নেইমার। প্রথম বছর নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। ৪১ ম্যাচে অংশ নিয়ে মাত্র ১৫ গোল করেন নেইমার। 
 
তবে সদ্য শেষ হওয়া ২০১৪-১৫ মৌসুমে ঠিকই নিজের পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন নেইমার। ৫১ ম্যাচে ৩৯ গোল করেছেন এই স্ট্রাইকার। তাই বার্সার ট্রেবল জয়ের পিছনে এমন পারফরমেন্স দারুণ কাজে দিয়েছে। লীগ ও কোপা ডেলরের মত চ্যাম্পিয়ন্স লীগেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন নেইমার। 
 
এই সাফল্য ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়েও নেইমারকে সাফল্য আনতে অনুপ্রাণিত করবে জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক দুঙ্গা বলেন, ‘আমার মনে হয় না, নেইমারের এমন সাফল্য শুধুমাত্র ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। আমার মতে এটি ব্রাজিল ফুটবলের উন্নতিতে দারুণ কাজে দেবে। চ্যাম্পিয়ন্স লীগে দারুণ খেলেছে নেইমার। ফাইনালে গোলও করেছে এবং দলকে শিরোপাও এনে দিয়েছে। এটি ব্রাজিল ফুটবলের জন্য ভালো দিক। আমি আগেও বলেছি, ফাইনালে বার্সেলোনাকে দেখতে পেলে দারুণ খুশী। কারণ এমন ফাইনাল নেইমারের অভিজ্ঞতা বাড়াবে এবং ভালো খেলতে উত্সাহ দিবে। তাই এটি আমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে।’ সদ্য শেষ হওয়া মৌসুমে লীগে ৩৩ ম্যাচে ২২ গোল, কোপা ডেল’রেতে ৬ ম্যাচে ৭ গোল এবং চ্যাম্পিয়ন্স লীগে ১২ ম্যাচে ১০ গোল করেছেন ২৩ বছর বয়সী নেইমার।
 
এদিকে, কোপা আমেরিকা টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনটা বেশ ভালভাবেই সেরে নিয়েছে ব্রাজিল। রবিবার সাও পাওলোতে অনুশীলন ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করেছে নেইমার বিহীন ব্রাজিল। গত বছরের বিশ্বকাপের পরে এটাই ছিল ঘরের মাঠে সেলেসাওদের প্রথম ম্যাচ।
 
আগামী সপ্তাহ থেকে চিলিতে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকার আসর। মহাদেশীয় চ্যাম্পিয়নশীপের আগে কোচ দুঙ্গার অধীনে দলের এই জয় সেলেসাওদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। গোল দুটি করেছেন লিভারপুলের ফিলিপ কোটিনহো এবং দিয়েগো টারডেলি। এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক দুঙ্গার অধীনেই ২০০৭ কোপা শিরোপা জিতেছিল কাকা, রোনালদিনহোরা।
 
গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে বিধ্বস্ত হবার পরে কোচ লুইজ ফিলিপ স্কলারির জায়গায় জুলাইতে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব পান দুঙ্গা। নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-০ গোলে হারার পরে রবিবারের ম্যাচটি ছিল নিজেদের মাঠে ব্রাজিলের প্রথম ম্যাচ। নতুন করে দায়িত্ব নেবার পর থেকে দুঙ্গার অধীনে দেশের বাইরে আটটি প্রীতি ম্যাচে জিতেছেন নেইমাররা।
 

শনিবার বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয় করে বার্সেলোনা। ট্রেবল জয়ী বার্সেলোনা দলের সাথে এখনো রয়েছেন নেইমার। সে কারণেই নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগ সামলানোর দায়িত্ব পড়ে কোটিনহোর ওপর, যা তিনি আস্থার সাথে পালন করেছেন। ২৮ মিনিটে এই মিডফিল্ডারের গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। নয় মিনিট পরে ৩৫ হাজার দর্শকের উপস্থিতিতে আলিয়াঁজ পারকিউতে ব্যবধান দ্বিগুণ করেন টারডেলি। বুধবার শেষ অনুশীলন ম্যাচে ব্রাজিল হন্ডুরাসের মুখোমুখি হবে। কোপা আমেরিকায় এবারের প্রতিযোগিতায় গ্রুপ-সি’তে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, কলম্বিয়া ও ভেনিজুয়েলা।