যুদ্ধাপরাধের মামলায় হাসান আলীর রায় আজ

আপডেট : ০৯ জুন ২০১৫, ১২:০৬
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের ‘রাজাকার’ সৈয়দ মো. হাসান আলীর রায় আজ মঙ্গলবার দেয়া হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করেছে।
 
এর আগে উভয়পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গত ২০ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
 
একাত্তরে কিশোরগঞ্জে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ রয়েছে হাসান আলীর বিরুদ্ধে।
 

গতবছর ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়। আসামির অনুপস্থিতিতেই এ মামলার কার্যক্রম চলে।