আগামী মৌসুমে দলের কোচ হিসেবে লুইস এনরিকেরই থাকার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেও। যদিও শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ট্রেবল জয় করার পরে এনরিকে বার্সেলোনার সাথে কাজ চালিয়ে যাবার ব্যপারে অনেকটা নেতিবাচক মনোভাব পোষণ করেছেন।
জুভেন্টাসকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিশ্চিতের আগে একই মৌসুমে ঘরোয়া লিগ ও কাপ ফাইনালেও নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল কাতালানরা। আর এর মাধ্যমে ২০০৯ সালের পরে একই বছর তিনটি বড় শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করলো বার্সা, যা ক্লাব ইতিহাসে একটি রেকর্ড। এই মৌসুমের শেষে এনরিকে তার দুই বছরের দায়িত্বের প্রথম বছরটি শেষ করেছেন। কিন্তু বার্সেলোনা থেকে স্পোর্টিং পরিচালক আনডোনি জুবিজারেটাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে তা কোনমতেই ভাল চোখে দেখেননি এনরিকে। এই জুবিজারেটার হাত ধরেই জানুয়ারিতে বার্সেলোনার দায়িত্ব পেয়েছিলেন এনরিকে।
শনিবারের ফাইনালে পরে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যত নিয়ে বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছেন বার্সা বস। সেখানে তিনি বলেছেন, এই মুহূর্তে শুধুমাত্র ট্রেবল জয়ের আনন্দ উদযাপন করাই তার মূল কাজ।
স্প্যানিশ রেডিওতে বার্তামেও জানিয়েছেন আবারো ক্লাবের সভাপতি হতে পারলে তিনি এনরিকেকে চুক্তি নবায়নের প্রস্তাব দিবেন। সভাপতি জানিয়েছেন তার নম্বর দশে পুরো দশ। সে কারণে চুক্তি ভঙ্গের কোনো কারণই নেই।
