জেলার সদর উপজেলায় রিকশা চালককে লাঠিপেটা করায় এক ট্রাফিক পুলিশকে গণপিটুনি দিয়েছে জনতা।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাতমাথা এলাকায় ট্রাফিক সিগন্যাল অমান্য করায় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল বাবর আলী রিকশা চালক রুহুল আমিনকে (৩৫) লাঠিপেটা করে। এতে রিকশা চালক আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত জনতা ট্রাফিক কনস্টেবল বাবর আলীকে ঘিরে ধরে গণপিটুটি দেয়া শুরু করে। টহল পুলিশ তাকে উদ্ধার করে এবং রিকশা চালক রুহুল আমিন ও ইন্সুরেন্স কর্মী মঞ্জুরুল হক সিহাবকে (৩০) আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিকর্ণ কুমার চৌধুরী জানান, কোনো অভিযোগ প্রমাণিত হলে বাবর আলীর বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। কর্তব্যরত পুলিশ সদস্যকে মারপিট এবং জনতাকে উস্কে দেয়ার অভিযোগে সিহাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
