৮ জেলায় অনির্দিষ্টকালের নৌ-যান ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০৯ জুন ২০১৫, ১৬:৪৪
নৌ-পথে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে নৌ-পুলিশের কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দরসহ আট জেলায় অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে নৌযান চলাচল।
 
গতকাল সোমবার রাতে নৌ-পুলিশ প্রশাসনের সাথে পূর্বাঞ্চলীয় জাহাজ মালিক সমিতি ও নৌ-যান শ্রমিক ফেডারেশনের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতার ভিত্তিতে দুইদিন পর ধর্মঘট প্রত্যাহার করে নেয় নৌযান শ্রমিক ও মালিকরা। 
 
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে এমভি হাজী ঈমান আলী নামে একটি কার্গো জাহাজ ঢাকা থেকে জিপসাম সার নিয়ে সুনামগঞ্জের ছাতক যাচ্ছিল। পথে আশুগঞ্জ সার কারখানার কাছে হঠাৎ ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল কার্গো জাহাজটির ওপর হানা দেয়। এ সময় ডাকাতরা জাহাজের শ্রমিকদেরকে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ প্রায় লাখ টাকার মামালাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর গত রবিবার থেকে আট জেলায় অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন।